প্রধান বিচারপতির বিরুদ্ধে আপত্তিকর পোস্ট! কেরল কংগ্রেসকে কড়া নোটিস সুপ্রিম কোর্টের
প্রধান বিচারপতি সূর্য কান্তকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় অবমাননাকর পোস্ট করার অভিযোগে কেরল প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে নোটিস পাঠাল শীর্ষ আদালত। বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ জানিয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত জরুরি এবং আদালতের কর্তৃত্ব খর্ব করার যেকোনো প্রচেষ্টা কঠোর হাতে দমন করা হবে। এই ঘটনায় কেন অবমাননার পদক্ষেপ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
গত ১২ অক্টোবর কেরল কংগ্রেসের এক্স অ্যাকাউন্ট থেকে করা ওই পোস্টে প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করা হয়। তীব্র সমালোচনার মুখে পোস্টটি মুছে ফেলে কংগ্রেস নেতৃত্ব ক্ষমা চান এবং অভিযুক্ত ব্যক্তিকে দল থেকে বরখাস্ত করেন। তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সংবিধানই সর্বোচ্চ এবং কেউ তার ঊর্ধ্বে নয়। মামলাটি খতিয়ে দেখতে আদালত একজন প্রবীণ আইনজীবীকে অ্যামিকাস কিউরি নিয়োগ করার পাশাপাশি অ্যাটর্নি জেনারেলের সহযোগিতা চেয়েছে।