লাহোরে বিশ্ব পাঞ্জাবি সম্মেলনে আমন্ত্রিত ভগবন্ত মান, পাক ভিসার ইতিবাচক সংকেতের পর নজর দিল্লির অনুমোদনে

আগামী ২৭ নভেম্বর লাহোরে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব পাঞ্জাবি সম্মেলনে আমন্ত্রিত হয়েছেন আম আদমি পার্টির নেতা তথা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। ভারতের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক বেশ টানাপোড়েনের মধ্য দিয়ে গেলেও, ইসলামাবাদ স্পষ্ট জানিয়েছে মান আগ্রহ প্রকাশ করলে তাঁকে ভিসা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান এক সাংবাদিক বৈঠকে এই ইতিবাচক সংকেত দেন।

অন্যদিকে, মান স্বয়ং দুই দেশের এক সংস্কৃতি ও কবি-সাহিত্যিকদের আদানপ্রদানের কথা তুলে ধরে এই সফরের ইচ্ছা প্রকাশ করেছেন। তবে ভারতীয় নাগরিক ও মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর বিদেশ যাত্রা সম্পূর্ণভাবে দিল্লির কেন্দ্রীয় সরকারের অনুমতির ওপর নির্ভর করছে। এই সম্মেলনের পাশাপাশি পাঞ্জাব বিধানসভার সদস্যদের নিয়ে কর্তারপুর সাহিব দর্শনেরও ইচ্ছা প্রকাশ করেন তিনি। এখন কেন্দ্র মানকে লাহোর সফরের ছাড়পত্র দেয় কি না, সেদিকেই সকলের নজর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *