বেনারসি, রাজরানি সাজে কাঞ্চন, শ্রীময়ীর বাড়ির কালীপুজো, ষষ্ঠ বর্ষে পুত্রকে নিয়ে বিশেষ উদ্‌যাপন

অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের পৈতৃক বাড়িতে এবার ষষ্ঠ বর্ষে পদার্পণ করল কালীপুজো। কাঞ্চনের মায়ের দু’টি দুর্ঘটনার পর দীর্ঘদিন অভিমান করে বাড়িতে পুজো বন্ধ ছিল। পরবর্তীতে ২০২১ সালে শ্রীময়ীর বিশেষ উদ্যোগে পুনরায় মায়ের আরাধনা শুরু হয়। এবার তাঁদের ছোট্ট পুত্র কৃষভির প্রথম দীপাবলি হওয়ায় উৎসবে বাড়তি আনন্দ যুক্ত হয়েছে। মায়ের জন্য বিশেষ অর্ডার দিয়ে বানানো বেনারসি, মুকুট, হাতবালা ও নুপূরের রাজরানি সাজের পাশাপাশি ফুল ও রঙ্গোলিতে সেজে উঠছে পুরো বাড়ি। শ্রীময়ী নিজে উপোস থেকে সমস্ত আয়োজন ও মায়ের সাজসজ্জার তদারকি করছেন।

শাস্ত্রীয় নিয়ম মেনে রামকৃষ্ণ মিশনে দীক্ষিত দাসদার তত্ত্বাবধানে তৈরি হচ্ছে মায়ের বিশেষ ভোগ। মায়ের ভোগে থাকছে খিচুড়ি, লাবড়া, পাঁচভাজা, ফুলকপির রসা, পনির, পরমান্ন, চাটনি ও মিষ্টি। এছাড়া আমন্ত্রিত অতিথিদের জন্যও থাকছে বিস্তৃত খাবারের আয়োজন। কাঞ্চন শুটিংয়ের ফাঁকেই যাবতীয় দশকর্মার কেনাকাটা সম্পন্ন করেছেন। অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ জানান, প্রতিবারের মতো এবারও তিনি নিষ্ঠার সঙ্গে পুজো পালন করছেন এবং মায়ের কাছে সকলের শুভবুদ্ধি ও মনুষ্যত্ববোধ জাগ্রত হওয়ার জন্য বিশেষ প্রার্থনা জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *