ইরানে কি সত্যিই পরমাণু হামলা চালাতে চলেছে আমেরিকা? তেহরানে বিকোচ্ছে আয়োডিন বড়ি
ইরানে কি সত্যি পারমাণবিক হামলা চালাবে আমেরিকা? এই নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র জল্পনার মধ্যেই দেশের পারমাণবিক কেন্দ্রগুলির ২-৩ কিলোমিটারের মধ্যে নাগরিকদের পটাশিয়াম আয়োডাইড (আয়োডিন) বড়ি বিলি শুরু করেছে তেহরান প্রশাসন। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের বৈপরীত্যপূর্ণ বক্তব্যের পর এই পদক্ষেপ এবং তেহরানের ৮ মিনিটের বিশেষ সরকারি নির্দেশিকা সেই আশঙ্কা আরও বাড়িয়ে দিল। পটাশিয়াম আয়োডাইড প্রধানত ৪০ বছরের কম বয়সিদের থাইরয়েড গ্রন্থিকে তেজস্ক্রিয় আয়োডিনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে।
এর আগে ইরান সরকারের প্রকাশ করা ওই নির্দেশিকায় তেজস্ক্রিয় দূষণ ও ‘ফলআউট’ থেকে বাঁচতে ভূগর্ভস্থ কক্ষে আশ্রয় নেওয়া, জানালা থেকে দূরে থাকা এবং এয়ার কন্ডিশনার বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। তেহরানের রাজনীতিক বিশ্লেষকরা নিশ্চিত করেছেন যে, আমেরিকা পরমাণু হামলা চালালে কীভাবে নাগরিকদের জীবন রক্ষা সম্ভব, তা নিয়ে গভীরভাবে চিন্তিত প্রশাসন। ফলে তেহরান প্রশাসনের এই বিশেষ প্রস্তুতি ও আয়োডিন বড়ি বিতরণের খবরে এখন তোলপাড় বিশ্বরাজনীতি।