দীপাবলিতে জওয়ানদের জন্য বিশেষ উপহার, পেলেন সীমামিত্র সম্মান!
সীমান্তে কর্মরত জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন, ঘোষণা করলেন ‘সীমামিত্র সম্মান’
নিজস্ব প্রতিবেদক: সীমান্তে কর্মরত জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার হিঙ্গলগঞ্জের বিএসএফ ক্যাম্পে উপস্থিত হয়ে জওয়ানদের মিষ্টিমুখ করান এবং তাঁদের হাতে প্রদীপ তুলে দেন। এদিন এক অনুষ্ঠানে রাজ্য সরকারের পক্ষ থেকে আগামী ২০২৭ সাল থেকে জওয়ানদের জন্য ‘সীমামিত্র সম্মান’ প্রদানের ঘোষণা করা হয়েছে।
বিএসএফ ক্যাম্পে উপস্থিত হয়ে জওয়ানদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী অতীতে রাজ্যের তরফে হওয়া ভুলত্রুটির জন্য ক্ষমা চেয়ে নেন। তিনি বলেন, “সীমান্ত রক্ষা বাহিনীর উদ্দেশে অতীতে খারাপ ভাষা ব্যবহার করেছিল পূর্বতন সরকার। তাঁদের সঙ্গে কোনো রকম সহযোগিতা করা হয়নি। এমনকি কাঁটাতারের জন্য প্রয়োজনীয় জমিও আটকে রাখা হয়েছিল। আমরা ক্ষমতায় আসার পর সেই জমি হস্তান্তর করেছি। সীমান্ত সুরক্ষার স্বার্থে প্রয়োজনে আরও জমি দিতে রাজ্য সরকার প্রস্তুত।”
মুখ্যমন্ত্রী আরও জানান, সীমান্ত সুরক্ষায় জওয়ানদের অবদানের স্বীকৃতিস্বরূপ আগামী ২০২৭ সাল থেকে রাজ্য সরকার ‘সীমামিত্র সম্মান’ চালু করবে। ভালো কাজের জন্য জওয়ানদের এই বিশেষ সম্মান প্রদান করা হবে।
উল্লেখ্য, সরকার গঠনের পর থেকেই বিএসএফের সঙ্গে পূর্ণ সহযোগিতার বার্তা দিয়ে আসছে বর্তমান প্রশাসন। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সীমান্তে কাঁটাতারের জন্য জমি হস্তান্তরের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার দীপাবলির উৎসবে জওয়ানদের পাশে দাঁড়িয়ে এই বিশেষ সম্মান চালুর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।