চন্দন তিলক পরায় ক্লাস থেকে বহিষ্কার! স্কুলের বিরুদ্ধে ক্ষুব্ধ অভিভাবক

 

তিলক পরায় হেনস্তা, লন্ডনের স্কুলের বিরুদ্ধে ২৫ হাজার পাউন্ডের ক্ষতিপূরণের মামলা

লন্ডন: কপালে চন্দন তিলক পরায় এক ভারতীয় বংশোদ্ভূত হিন্দু ছাত্রকে হেনস্তা করার অভিযোগে পশ্চিম লন্ডনের ভাইকারস গ্রিন প্রাইমারি স্কুলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ধর্মীয় বিশ্বাসের কারণে স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রের ওপর বিরূপ আচরণ করেছে বলে অভিযোগ করেছেন তার অভিভাবক।

ভুক্তভোগী ছাত্র ছোটবেলা থেকেই স্বামীনারায়ণ সম্প্রদায়ের অনুসারী এবং বাড়িতে ও স্কুলে নিয়মিত চন্দন তিলক পরত। অভিযোগ, স্কুলে নিয়মিত তাকে এ নিয়ে কটূক্তি ও প্রশ্নের মুখে পড়তে হতো। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, স্কুল কাউন্সিল ওই ছাত্রকে শ্রেণিকক্ষ থেকে বের করে দেয়। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়লে অভিভাবকরা গত বছর তাকে স্কুল থেকে ছাড়িয়ে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করতে বাধ্য হন।

লন্ডনের ‘আশ্রয়’ নামক একটি আইনি পরামর্শদাতা সংস্থার মাধ্যমে ওই ছাত্রের বাবা অভিযুক্ত স্কুলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন। সন্তানের পড়াশোনার খরচ ও মানসিক ক্ষতির নিরিখে তিনি ২৫ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দাবি করেছেন।

আইনজীবীর মতে, এটি কেবল একজনের ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, বরং এটি ব্রিটেনে স্বাধীনভাবে ধর্মাচরণের অধিকারের পরিপন্থী। তিনি আরও বলেন, ব্রিটেনে প্রতিটি শিশুর নিজস্ব বিশ্বাস ও স্বাধীনভাবে বেড়ে ওঠার অধিকার রয়েছে। দেশটিতে প্রায় ১০ লক্ষ হিন্দু ধর্মাবলম্বী বসবাস করেন এবং এই ঘটনা তাঁদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। আইনি সংস্থার দাবি, আদালত শিশুদের স্বাধীনতা রক্ষার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং ন্যায়বিচার নিশ্চিত করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *