ভাইফোঁটার স্পেশাল মিষ্টি, এই সবজি দিয়ে বানান স্বাস্থ্যকর বরফি!
উৎসবের মরশুমে বাড়িতেই তৈরি করুন সুস্বাদু ‘লাউয়ের বরফি’: জেনে নিন সহজ রেসিপি
নিজস্ব প্রতিবেদন: উৎসবের মরশুমে বাইরের কেনা মিষ্টির বদলে অনেকেই বাড়িতে স্বাস্থ্যকর মিষ্টি তৈরি করতে পছন্দ করেন। হাতের কাছে থাকা সবজি দিয়েই অনায়াসে তৈরি করা যায় জিভে জল আনা মিষ্টি। লাউ দিয়ে তৈরি করা যায় সুস্বাদু ‘লাউয়ের বরফি’। নিচে এর প্রস্তুত প্রণালী দেওয়া হলো:
উপকরণ:
কুরিয়ে রাখা লাউ দেড় কাপ, মাখন ৩ টেবিল চামচ, তেজপাতা ৩টি, এলাচ ৪টি, দারচিনি ৩টি, চিনি ১ কাপ, গুঁড়ো দুধ আধ কাপ এবং সামান্য নুন।
প্রস্তুত প্রণালী:
প্রথমে কুরিয়ে রাখা লাউ থেকে হাত দিয়ে চেপে অতিরিক্ত জল বের করে নিন। এরপর একটি প্যানে মাখন গরম করে তাতে তেজপাতা, এলাচ ও দারচিনি ফোরন দিন। মশলা থেকে সুগন্ধ বের হলে এতে জল ঝরানো লাউ দিয়ে মাঝারি আঁচে নাড়াচাড়া করতে থাকুন। এবার পরিমাণমতো নুন ও চিনি মিশিয়ে দিন। তাপের প্রভাবে সবজি থেকে জল বের হতে শুরু করবে।
কিছুক্ষণ পর মিশ্রণটিতে গুঁড়ো দুধ মিশিয়ে নিন। নাড়াচাড়া করতে করতে জল শুকিয়ে এলে মিশ্রণটি ঘন হয়ে আসবে। এরপর একটি থালায় মিশ্রণটি সমানভাবে ছড়িয়ে দিন এবং আগে দেওয়া গোটা গরম মশলাগুলো তুলে নিন। মিশ্রণটি ঠান্ডা হয়ে জমাট বেঁধে গেলে ছুরির সাহায্যে বরফির আকারে কেটে নিন।
ঘরের স্বাভাবিক তাপমাত্রায় বা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন সুস্বাদু লাউয়ের বরফি।