দীপাবলি উপহারে মহানআর্যমান সিন্ধিয়ার মানবিক মুখ, ক্রিকেটারদের হাতে তুলে দিলেন ই-স্কুটার ও হুইলচেয়ার!
গোয়ালিয়রে সংবর্ধিত আট কৃতি ক্রিকেটার, পাশে দাঁড়াল এমপিসিএ
গোয়ালিয়র: খেলোয়াড়দের কৃতিত্ব ও পারফরম্যান্সকে স্বীকৃতি জানাতে গোয়ালিয়রের একটি ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে আটজন কৃতি ক্রিকেটারকে সংবর্ধিত করল মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমপিসিএ)। অনূর্ধ্ব-১৯, রঞ্জি ট্রফি, প্রবীণ এবং দিব্যাঙ্গ—বিভিন্ন স্তরের খেলোয়াড়দের এই বিশেষ সম্মান প্রদান করা হয়।
অনুষ্ঠানে আর্যন কুশওয়াহ, যশস্বানী বোহরে এবং দিব্যাঙ্গ ক্রিকেটার যোগেন্দ্র সিংকে ক্রিকেট কিট উপহার দেওয়া হয়। অন্যদিকে, অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার যুবরাজ কংসানা এবং সোনম যাদবকে ১০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। রঞ্জি ট্রফির খেলোয়াড় অক্ষয় শর্মা ও হোনি যাদবকে ইলেকট্রিক স্কুটার এবং ভারতীয় হুইলচেয়ার ক্রিকেট দলের ম্যানেজার জার্নেল সিংকে একটি ইলেকট্রিক হুইলচেয়ার উপহার দেওয়া হয়।
এই আয়োজনে উপস্থিত ছিলেন গোয়ালিয়র ডিভিশন ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জিডিসিএ) সভাপতি সংগ্রাম কদম, সচিব বিজয় প্রকাশ শর্মা, প্রাক্তন সভাপতি প্রশান্ত মেহতা, প্রাক্তন যুগ্ম সচিব বি কে শর্মা, জিডিসিএ সদস্য দীনেশ নিচরেলে, সিনিয়র দলের কোচ প্রকাশ বীর শর্মা, জিডিসিএ কোষাধ্যক্ষ বিকাশ গঙ্গওয়াল এবং এমপিসিএ সদস্য সুনীল গুপ্ত।
এমপিসিএ সভাপতি মহানআর্যমান সিন্ধিয়া খেলোয়াড়দের এই উপহার তুলে দেন। খেলোয়াড়রা এই স্বীকৃতির জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মহানআর্যমান সিন্ধিয়া বলেন, “মধ্যপ্রদেশে প্রতিভার অভাব নেই। আমাদের রাজ্যের খেলোয়াড়দের আন্তর্জাতিক স্তরে পরিচিতি গড়ার পূর্ণ ক্ষমতা রয়েছে। খেলোয়াড়দের এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ও সুযোগ-সুবিধা প্রদান করা অত্যন্ত জরুরি। তাঁদের সাফল্যকে স্বীকৃতি দিলে তা ভবিষ্যতে আরও ভালো পারফরম্যান্সের অনুপ্রেরণা জোগায়।”
এমপিসিএ-র এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রীড়ামহল। খেলোয়াড়দের মতে, এই সংবর্ধনা কেবল উপহার প্রাপ্তি নয়, বরং তাঁদের ক্রীড়াজীবনে সামনে এগিয়ে যাওয়ার এক বড় প্রেরণা।