কপালে হিরের টিপ, গায়ে ১১০ কেজি গয়না! বড়মাকে দেখতে নৈহাটিতে উপচে পড়া ভিড়

 

নৈহাটির বড়মায় উপচে পড়া ভিড়, এবার প্রায় ১ কুইন্টাল ১০ কেজি গয়নায় সজ্জিত মা

নিজস্ব প্রতিবেদক, নৈহাটি: প্রতি বছরের মতো এবারও কালীপুজোর দিনে নৈহাটির ঐতিহ্যবাহী ‘বড়মা’র দর্শনে ভক্তদের ঢল নেমেছে। ১০৩ বছরের প্রাচীন এই পুজোয় মা বড়মাকে এবার প্রায় ১ কুইন্টাল ১০ কেজি সোনা ও রুপোর গয়নায় সাজিয়ে তোলা হয়েছে। এর মধ্যে হিরের টিপ ও রুপোর চাঁদমালা বিশেষভাবে ভক্তদের নজর কাড়ছে।

পুজো কমিটির মুখপাত্র অনন্ত চট্টোপাধ্যায় জানিয়েছেন, প্রতি বছর ভক্তদের ভিড় বাড়ার পাশাপাশি বড়মার জন্য সোনা ও রুপোর দানও ক্রমাগত বাড়ছে। তবে নিরাপত্তার খাতিরে সোনা ও রুপোর পৃথক ওজন প্রকাশ করা হয়নি। বড়মার সোনার চোখ নিয়ে বিশেষ নিয়ম রয়েছে জানিয়ে তিনি বলেন, বিসর্জনের সময় মায়ের চোখ খোলা হয় না, প্রতিমার সঙ্গেই তা বিসর্জন দেওয়া হয়। এ বছরও সেই রীতি বজায় রাখা হচ্ছে।

বিপুল পরিমাণ গয়না ও ভক্তদের ভিড় সামাল দিতে এবার নিরাপত্তার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পুজো কমিটির পক্ষ থেকে মন্দির চত্বরে শতাধিক সিসি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি পুলিশি সহায়তায় মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী ও স্বেচ্ছাসেবক। ভিড় নিয়ন্ত্রণের জন্যও নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা।

উল্লেখ্য, একসময় মূলত স্থানীয়দের মধ্যে সীমাবদ্ধ থাকলেও, বর্তমানে দূর-দূরান্ত থেকে বহু ভক্ত বড়মার টানে এখানে ছুটে আসেন। কালীপুজোর সকাল থেকেই মন্দিরে ভিড় বাড়তে শুরু করেছে, যা বিসর্জনের দিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশা করছে পুজো কমিটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *