চন্দন তিলক পরায় ক্লাস থেকে বহিষ্কার! স্কুলের বিরুদ্ধে সরব ক্ষুব্ধ অভিভাবক
তিলক পরায় হেনস্থা, লন্ডনের প্রাইমারি স্কুলের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা অভিভাবকের
লন্ডন: কপালে চন্দন তিলক পরার কারণে স্কুলের হেনস্থার শিকার হতে হয়েছে এক ভারতীয় বংশোদ্ভূত হিন্দু ছাত্রকে—এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পশ্চিম লন্ডনের ‘ভাইকারস গ্রিন প্রাইমারি স্কুল’-এর বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে ওই ছাত্রের অভিভাবক স্কুল কর্তৃপক্ষের কাছে ২৫ হাজার পাউন্ড ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিস পাঠিয়েছেন।
ভুক্তভোগী ছাত্র ছোটবেলা থেকেই স্বামীনারায়ণ ধর্মের অনুসারী এবং বাড়িতে নিয়মিত চন্দন তিলক পরত। অভিযোগ, স্কুলে যাওয়ার সময়েও তিলক পরে যাওয়ায় তাকে সহপাঠী ও স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে লাগাতার কটূক্তি ও প্রশ্নের সম্মুখীন হতে হতো। একপর্যায়ে স্কুল কাউন্সিল তাকে ক্লাস থেকেও বের করে দেয় বলে অভিযোগ। এই মানসিক পরিস্থিতির কারণে বাধ্য হয়ে গত বছর ওই অভিভাবক তাঁর সন্তানকে স্কুল থেকে ছাড়িয়ে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করতে বাধ্য হন।
লন্ডনের ‘আশ্রয়’ নামে একটি আইনি পরামর্শদাতা সংস্থার মাধ্যমে ভুক্তভোগী ছাত্রের বাবা এই মামলাটি করেছেন। ওই সংস্থার আইনজীবীর মতে, এটি কেবল একজন ছাত্রের সমস্যা নয়, বরং এটি ব্রিটেনে স্বাধীনভাবে ধর্মাচরণের অধিকার খর্ব করার শামিল। তিনি বলেন, “ব্রিটেনে বসবাসকারী প্রায় ১০ লক্ষ হিন্দু নাগরিকের ধর্মীয় বিশ্বাসকে আঘাত করা হয়েছে। প্রতিটি শিশুর স্বাধীনভাবে বড় হওয়ার এবং নিজেদের বিশ্বাস অনুযায়ী জীবনযাপনের অধিকার রয়েছে।”
আইনজীবীর দাবি, ছাত্রটির পড়াশোনার ক্ষতি এবং মানসিকভাবে ভেঙে পড়ার কারণ দেখিয়ে ২৫ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। আদালত শিশুদের এই মৌলিক স্বাধীনতা রক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে বলে আশাবাদী আইনি পরামর্শদাতারা। স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।