সরকারি প্রকল্পের সুবিধা পেতে ভোটার কার্ডের গুরুত্ব বাড়ানোর ইঙ্গিত কেন্দ্রের
সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার কার্ডের পাশাপাশি ভোটার কার্ডের গুরুত্ব বাড়ানোর ইঙ্গিত কেন্দ্রের নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের পরিচয় যাচাইয়ের প্রক্রিয়ায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ, মৎস, পশুপালন ও দুগ্ধ উৎপাদন মন্ত্রী রাজীব রঞ্জন সিং। সরকারি প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে হস্তান্তরের (DBT) ক্ষেত্রে এবার ভোটার কার্ডের এপিক নম্বর এবং বায়োমেট্রিক তথ্য ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে কেন্দ্র। সম্প্রতি কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রকের আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং জানান, বর্তমানে দেশের প্রায় সর্বত্র আধার কার্ড তৈরির পরিকাঠামো গড়ে উঠেছে। এই অবস্থায় বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে আধারের বিকল্প বা পরিপূরক হিসেবে ভোটার কার্ডের গুরুত্ব বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। মন্ত্রীর প্রস্তাব অনুযায়ী, ভবিষ্যতে উপভোক্তাদের পরিচয় নিশ্চিত করতে ভোটার কার্ডের এপিক নম্বর এবং সংশ্লিষ্ট ব্যক্তির বায়োমেট্রিক তথ্যকে ভিত্তি হিসেবে ব্যবহার করা হতে পারে। বর্তমানে পিএম কিষাণ যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের আর্থিক সহায়তা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। মন্ত্রীর এই বক্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তবে কি আগামী দিনে এই প্রকল্পগুলিতে অর্থ প্রদানের নিয়মে বড়সড় পরিবর্তন আসতে চলেছে? যদিও কোন কোন নির্দিষ্ট প্রকল্পের ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর হবে বা কবে থেকে এই প্রক্রিয়া শুরু হতে পারে, সে বিষয়ে মন্ত্রী এখনও কোনো স্পষ্ট ঘোষণা করেননি। এতদিন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে আধার কার্ডই ছিল প্রধান নথি। এবার সেই প্রক্রিয়ায় ভোটার কার্ডের ভূমিকা যুক্ত হলে তা পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই বিষয়ে বিস্তারিত নির্দেশিকা প্রকাশের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্ট সকল মহল।