BSF জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন, ক্ষমা চেয়ে কী বললেন শুভেন্দু!
কালীপুজোয় হিঙ্গলগঞ্জে বিএসএফ জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন শুভেন্দু অধিকারীর
কলকাতা: কালীপুজোর সকালে রাজ্যজুড়ে সাজো সাজো রব। কালীঘাট, দক্ষিণেশ্বর থেকে তারাপীঠ—রাজ্যের প্রতিটি কালীমন্দিরে আজ ভোর থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই বিশেষ দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে রয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচি।
এই আবহে আজ দীপাবলি উদযাপনে হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে পৌঁছেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সেখানে পৌঁছে তিনি বিএসএফ জওয়ানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সাহসিকতার প্রশংসা করেন।
সীমান্তরক্ষী বাহিনীর প্রতি গত সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে আক্ষেপ প্রকাশ করে শুভেন্দু অধিকারী বলেন, “আগের সরকার বিএসএফ-এর সঙ্গে যে ব্যবহার করেছে, তার জন্য আমি ক্ষমা চাইছি।” বিএসএফ জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপনের মাধ্যমে তিনি সীমান্ত সুরক্ষায় নিয়োজিত কর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও সংহতি জ্ঞাপন করেন।
উল্লেখ্য, এবারের কালীপুজোর দিনে রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্বদের একাধিক কর্মসূচি রয়েছে। সেই ধারাবাহিকতায় আজ হিঙ্গলগঞ্জের সীমান্তে জওয়ানদের সঙ্গে সময় কাটাচ্ছেন বিরোধী দলনেতা। গোটা রাজ্যেই আজ কঠোর নিরাপত্তার মধ্যে উৎসবের আবহে কালীপুজোর প্রস্তুতি চলছে।