KYC আপডেটের মেসেজেই সর্বনাশ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও টাকা!
কেওয়াইসি আপডেটের নামে সাইবার প্রতারণা, অবসরপ্রাপ্ত শিক্ষকের অ্যাকাউন্ট থেকে উধাও টাকা
ময়নাগুড়ি: কেওয়াইসি (KYC) আপডেটের প্রলোভন দেখিয়ে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল সাইবার প্রতারকদের বিরুদ্ধে। এই ঘটনায় দিশেহারা ময়নাগুড়ির বাসিন্দা ওই শিক্ষক রবিবার ময়নাগুড়ি থানায় সাইবার সহায়তা কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী শিক্ষক হৃদয় কৃষ্ণ রায়ের অভিযোগ, গত ৪ অক্টোবর তাঁর কাছে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়, তাঁর ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করা প্রয়োজন। বিষয়টি নিয়ে প্রথমে গুরুত্ব না দিলেও, পরদিন ৫ অক্টোবর তাঁর হোয়াটসঅ্যাপে একটি ফাইল পাঠানো হয়। প্রতারকরা তাঁকে আশ্বস্ত করে যে, ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই, কেবল ওই ফাইলটি পূরণ করলেই কেওয়াইসি আপডেট সম্পন্ন হয়ে যাবে।
ওই শিক্ষকের অভিযোগ, সরল বিশ্বাসে তিনি হোয়াটসঅ্যাপে আসা ফাইলটি ডাউনলোড করার সঙ্গে সঙ্গেই তাঁর মোবাইল ফোনটি হ্যাং হয়ে যায়। ফোনে নেটওয়ার্ক থাকলেও কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। এই সুযোগে প্রতারকরা তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিতে শুরু করে।
ঘটনাটি বুঝতে পেরে তিনি শনিবার সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় গিয়ে বিষয়টি জানান। ব্যাংক কর্তৃপক্ষ তড়িঘড়ি তাঁর এটিএম পরিষেবা বন্ধ করে দেয়। তবে তাতেও শেষরক্ষা হয়নি। অভিযোগ, এরপর ওই শিক্ষকের অপর একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকেও টাকা কাটা শুরু হয়। এমনকি রবিবারও তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়েছে বলে জানা গেছে। পরপর একাধিক অ্যাকাউন্ট থেকে এভাবে টাকা গায়েব হওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন অবসরপ্রাপ্ত ওই শিক্ষক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।