হাওড়া স্টেশনে বিরাট সোনার চালান উদ্ধার! উৎসবের মরশুমে কোটি টাকার পাচার বানচাল
উৎসবের মরশুমে ২ কোটি টাকারও বেশি মূল্যের সোনা পাচারের ছক বানচাল করল রেল সুরক্ষা বাহিনী (RPF)। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া স্টেশনের কামাখ্যা–পুরী এক্সপ্রেস থেকে ওড়িশার এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের ব্যাগ তল্লাশি করে ১ কেজি ৭০০ গ্রামের বেশি ওজনের সোনা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৫৪ লক্ষ টাকা। এর পাশাপাশি একটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ধৃতকে আটক করা হয়।
রেল সূত্রে জানা গিয়েছে, অবৈধ চোরাচালানের বিরুদ্ধে পূর্ব রেলের পক্ষ থেকে কঠোর নজরদারি চালানো হচ্ছে। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই পাচারচক্রের সন্ধান মেলে। বিপুল পরিমাণ এই সোনা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর নেপথ্যে কোনও আন্তর্জাতিক বা বড় চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ধৃতকে ও উদ্ধার হওয়া সোনা কলকাতার কাস্টমস দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।