হাজিরা খাতায় সই, অথচ জেলে নেই খুনি!
জেলে হাজিরা, অথচ থাইল্যান্ডে ভ্রমণ: চাঞ্চল্য রাজস্থানে
রাজস্থানের নৃসিংহপুর ওপেন জেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি দীক্ষান্ত কামরার বিদেশে ভ্রমণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ২০১৮ সালের হত্যা মামলায় দণ্ডিত এই আসামি গত অক্টোবর মাসে থাইল্যান্ডে সফর করেন। অথচ সরকারি নথিতে ওই সময়েও তিনি নিয়মিত জেল হাজিরা দিয়েছেন বলে দেখানো হয়েছে। পরিত্যক্ত গাড়ি থেকে উদ্ধার হওয়া পাসপোর্ট ও মাদকের সূত্র ধরে জওহর নগর থানা পুলিশ তাকে নতুন মামলায় গ্রেফতার করেছে।
জেলবন্দি হয়েও কীভাবে পাসপোর্টধারী আসামি বিদেশে গেলেন এবং রেজিস্টারে ভুয়া হাজিরা কীভাবে নথিভুক্ত হলো, তা নিয়ে প্রশ্ন উঠছে। কারা কর্তৃপক্ষের যোগসাজশ ছাড়া এমন জালিয়াতি সম্ভব নয় বলে মনে করছেন তদন্তকারীরা। অতিরিক্ত পুলিশ সুপার দীপক শর্মা জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং নিরাপত্তা গাফিলতির অভিযোগে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় কারা প্রশাসনের ভূমিকা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।