রাওয়ালপিন্ডিতে নিজের বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু সংবাদপাঠিকা রাবিয়া আহসানের, হেফাজতে স্বামী
রাওয়ালপিন্ডি: পাকিস্তানের টেলিভিশন সাংবাদিক ও সংবাদপাঠিকা রাবিয়া আহসানকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। রাওয়ালপিন্ডির গুলশনাবাদ এলাকায় নিজের বাড়ি থেকে ৪১ বছর বয়সি এই সাংবাদিকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তাঁর স্বামী আহসান তাহির খানকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়িতে রাবিয়ার মা ও বোনেরা উপস্থিত ছিলেন। গুলির শব্দ পেয়ে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। রাবিয়া পাকিস্তানের বেসরকারি সংবাদমাধ্যম ‘৯২ নিউজ’-এর পরিচিত মুখ ছিলেন। তিনি প্রবীণ সাংবাদিক আমির মতিন ও রউফ ক্লাসরার সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে একটি অনুষ্ঠানের সহ-সঞ্চালনা করতেন।
তদন্তকারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বামী দাবি করেছেন, পিস্তলটি নাড়াচাড়া করার সময় ভুলবশত গুলি চলে যায়। তাঁর দাবি, এটি একটি দুর্ঘটনা। বাড়ির এক পরিচারকও একই বয়ান দিয়েছেন। তবে নিহতের ভাইয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি খুনের মামলা রুজু করেছে।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল উদ্ধার করেছে। পাঞ্জাব ফরেনসিক সায়েন্স এজেন্সি (PFSA)-র একটি দল ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অভিযুক্ত তাঁর স্ত্রীকে খুনের কথা স্বীকার করেছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।