নিউইয়র্কের ব্রুকলিনে তিন তলা বাড়ি ধসে মৃত ২, ধ্বংসস্তূপের নিচে উদ্ধারকাজ অব্যাহত
নিউইয়র্কের ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় বুধবার একটি তিন তলা বাড়ি আচমকাই ধসে পড়ে। বাড়িটি ভেঙে পড়ার সময় বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং জরুরি বিভাগের উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের সন্ধানে ড্রোন এবং প্রশিক্ষিত স্নিফার ডগ ব্যবহার করে উদ্ধারকাজ চালানো হচ্ছে।
দীর্ঘক্ষণ ধরে চলা এই উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ১৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এফডিএনওয়াই কমিশনার লিলিয়ান বনসিগনোর জানিয়েছেন, এই দুর্ঘটনায় দু’জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন মানুষ এখনও আটকে রয়েছেন, তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। উদ্ধারকাজ সম্পূর্ণ করতে আরও সময় লাগবে বলে জানিয়েছে প্রশাসন।
নিউইয়র্কের বিল্ডিং ডিপার্টমেন্টের আধিকারিক আহমেদ তিগানি জানিয়েছেন, ওই বাড়িতে সম্প্রতি নির্মাণ কাজ চলছিল। বাড়িটিকে নয়তলা করার জন্য মালিকের তরফ থেকে অনুমতি চাওয়া হয়েছিল। এই দুর্ঘটনার পর নির্মাণকাজের মান ও আইনি দিকগুলি নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।