গাজা যুদ্ধ নিয়ে ইজরায়েলের সঙ্গে তুঙ্গে সংঘাত, পরিবেশ ধ্বংসের অভিযোগ এরদোগানের
গাজায় চলমান যুদ্ধের ভয়াবহতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি অভিযোগ করেছেন, গাজায় যা ঘটছে তা কেবল মানবিক বিপর্যয় নয়, এটি পরিবেশের মৃত্যু। এরদোগানের দাবি, যুদ্ধের ফলে গাজার শতবর্ষপ্রাচীন জলপাই গাছগুলো ধ্বংস করা হয়েছে এবং সেখানকার মাটি ও জল বিষিয়ে উঠেছে। তিনি অবিলম্বে গাজায় ত্রাণ পৌঁছানোর জন্য ইজরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন।
এরদোগানের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইজরায়েল। তেল আভিভ এই দাবিকে সরাসরি মিথ্যা প্রচার বলে প্রত্যাখ্যান করেছে। ইজরায়েলের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে যে, গাজায় শান্তি ও পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে হলে হামাসকে সবার আগে অস্ত্র সমর্পণ করতে হবে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে গাজায় ইতিমধ্যে ৭৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
রাষ্ট্রপুঞ্জের সাম্প্রতিক রিপোর্টে সতর্ক করা হয়েছে যে, যুদ্ধের তীব্রতায় গাজার উর্বর চাষের জমি ও সবুজ গাছপালা চিরতরে নষ্ট হয়ে গেছে। এছাড়া অঞ্চলটির পানীয় জলের জোগান ও সাফাই ব্যবস্থা ভেঙে পড়ায় সেখানে ভয়াবহ স্বাস্থ্যসঙ্কট ও খাদ্যাভাব দেখা দিয়েছে। রেকর্ড বৃষ্টি ও বন্যায় বাস্তুচ্যুত মানুষের অস্থায়ী তাঁবুগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ থেমে গেলেও গাজার পরিবেশকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে বহু বছর সময় লেগে যাবে।