সংযুক্ত আরব আমিরশাহীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত ১৪, আহত ভারতীয়সহ ৩০
সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরাহ শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাতের ঠিক আগে ফুজাইরাহ প্রবেশের মূল সড়কে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী, একটি নিয়ন্ত্রণহীন ট্রাক প্রথমে একটি চলন্ত গাড়িকে সজোরে ধাক্কা মারে। এর ফলে গাড়িটি উল্টে গিয়ে ট্রাফিকের কারণে দাঁড়িয়ে থাকা আরও বেশ কয়েকটি গাড়ির ওপর আছড়ে পড়ে।
সংঘর্ষের পরপরই ঘাতক ট্রাকটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে সেই আগুন আশেপাশের অন্যান্য গাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলতে থাকা গাড়িগুলোর কারণে হতাহতের সংখ্যা বৃদ্ধি পায়। খবর পেয়ে ফুজাইরাহ পুলিশের বিশেষ দল, অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং উদ্ধারকাজ শুরু করেন।
এই দুর্ঘটনায় ভারতীয় নাগরিকসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৫ জন প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেও বাকি ১৫ জন এখনও চিকিৎসাধীন। আহতদের তালিকায় ভারত ছাড়াও ওমান, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান, মিশর এবং আমিরশাহীর নাগরিকরা রয়েছেন। মৃতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার সাহায্য নেওয়া হচ্ছে। ফুজাইরাহ পুলিশ এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছে এবং দুর্ঘটনার আইনি প্রক্রিয়া শুরু করেছে।