আমেরিকা সফরের মাঝেই ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে নিখোঁজ ওস্তাদ আমজাদ আলী খানের বাদ্যযন্ত্র
আমেরিকা সফরের মাঝেই বিপাকে পড়লেন প্রখ্যাত সরোদ বাদক ওস্তাদ আমজাদ আলী খান। কনসার্টে যোগ দিতে যাওয়ার পথে ব্রিটিশ এয়ারওয়েজের বিমান থেকে তার এবং তার দুই ছেলে আমান আলী বানগাশ ও আয়ান আলী বানগাশের ব্যবহৃত ছয়টি বাদ্যযন্ত্র হারিয়ে গেছে। এই ঘটনার জেরে চরম উদ্বেগের মধ্যে পড়েছেন শিল্পীরা। আগামী ১৪ নভেম্বর ক্যালিফোর্নিয়ার সারাটোগায় তাদের একটি কনসার্ট রয়েছে, যার জন্য এই বাদ্যযন্ত্রগুলো অত্যন্ত জরুরি।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ একাধিক পোস্ট করে বিমান সংস্থাটির কাছে দ্রুত বাদ্যযন্ত্রগুলো উদ্ধারের আর্জি জানিয়েছেন আমজাদ আলী খান। তিনি জানিয়েছেন, পেশাগত দায়বদ্ধতার খাতিরে বাদ্যযন্ত্রগুলো অবিলম্বে পাওয়া প্রয়োজন। শিল্পীর এই পোস্টের পর তার ভক্তরাও সরব হয়েছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বিমান সংস্থার ওপর চাপ সৃষ্টি করেছেন। উল্লেখ্য, ২০১৪ সালেও লন্ডন থেকে দিল্লি ফেরার পথে ওস্তাদজির একটি মূল্যবান সরোদ হারিয়ে গিয়েছিল, যা ৪৮ ঘণ্টা পর উদ্ধার করা সম্ভব হয়েছিল।
ঘটনার প্রেক্ষিতে ব্রিটিশ এয়ারওয়েজের এক মুখপাত্র জানিয়েছেন, তারা শিল্পীর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন এবং বাদ্যযন্ত্রগুলো দ্রুত পৌঁছে দেওয়ার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছেন। এই অসুবিধার জন্য সংস্থাটি দুঃখপ্রকাশ করেছে। তবে বিমান সংস্থাটির বিরুদ্ধে বাদ্যযন্ত্র পরিবহনে গাফিলতির অভিযোগ নতুন নয়। এর আগেও বিভিন্ন সংগীত দলের বাদ্যযন্ত্র হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটেছে, যা নিয়ে বারবার সমালোচনার মুখে পড়েছে এই বিমান সংস্থাটি।