শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে উত্তপ্ত গোপালগঞ্জ, মোতায়েন বিজিবি

শেখ হাসিনার দেশে ফেরার জল্পনাকে কেন্দ্র করে রবিবার গোপালগঞ্জে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েকশো আওয়ামী লীগ সমর্থক পুলিশের ব্যারিকেড ভেঙে রাস্তা অবরোধ করেন এবং ৫ অগস্টের স্মৃতিতে নির্মিত একটি স্মারক স্তম্ভ ভেঙে ফেলেন। এর আগে টুঙ্গিপাড়ায় বিএনপি-র দুটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অস্থিরতা তৈরি হয়েছিল। দলীয় সমাবেশে জেলা আওয়ামী লীগ নেতা ইলিয়াস হক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

২০২৪ সালের অগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ডের সাজা দিলেও তিনি দেশে ফিরে আইনি লড়াইয়ের কথা জানিয়েছেন। ঢাকা ইতিমধ্যে দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে আবেদন জানিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

গোপালগঞ্জের পরিস্থিতির অবনতি হওয়ায় প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। দায়িত্বে গাফিলতির অভিযোগে জেলাশাসক ও পুলিশ সুপারকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একাধিক প্লাটুন মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নাশকতা রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বদ্ধপরিকর এবং প্রয়োজনে নিরাপত্তা আরও বাড়ানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *