মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি আমেরিকার, মোতায়েন তিনটি বিমানবাহী রণতরী
মধ্যপ্রাচ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ডের অধীনে তিনটি বিমানবাহী রণতরী মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই অঞ্চলে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ, ইউএসএস জর্জ ওয়াশিংটন এবং ইউএসএস থিওডোর রুজভেল্ট রণতরীগুলো অবস্থান করছে। এই সামরিক বহরের অধীনে ২০ হাজারের বেশি মার্কিন নাবিক ও মেরিন সেনা এবং শতাধিক অত্যাধুনিক যুদ্ধবিমান প্রস্তুত রাখা হয়েছে। গত ৮ নভেম্বর সিঙ্গাপুর থেকে যাত্রা শুরু করে মালাক্কা প্রণালী অতিক্রম করে থিওডোর রুজভেল্ট স্ট্রাইক গ্রুপটি পশ্চিম এশিয়ার জলসীমায় পৌঁছায়। এই বহরে ক্যারিয়ার এয়ার উইং ১১, ক্রুজার ইউএসএস চোসিন এবং দুটি ডেস্ট্রয়ার ইউএসএস পল হ্যামিল্টন ও ইউএসএস ডিকাটার অন্তর্ভুক্ত রয়েছে।
এই বিপুল সামরিক উপস্থিতি এমন এক সময়ে ঘটল যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তজনা বৃদ্ধি পেয়েছে। ইরান বাহরিনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি করলেও মার্কিন সেনা তা অস্বীকার করেছে। উল্টো আমেরিকার দাবি, বাহরিনের দিকে আসা ইরানের দুটি ড্রোন তারা সফলভাবে প্রতিহত করেছে। পরিস্থিতি আরও জটিল হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অবস্থানে, যেখানে তিনি ইরানের সঙ্গে নতুন কোনো সমঝোতার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, তিনটি বিমানবাহী রণতরীর উপস্থিতি মানেই ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়া নয়। তবে এই পদক্ষেপের মাধ্যমে আমেরিকা তেহরানের ওপর সামরিক চাপ সৃষ্টি এবং নিজেদের রণকৌশল প্রদর্শনের একটি স্পষ্ট বার্তা দিতে চাইছে। ২০০৩ সালের পর থেকে মধ্যপ্রাচ্যে এই ধরনের নজিরবিহীন সামরিক শক্তি প্রদর্শন আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।