বাংলাদেশের অস্থির পরিস্থিতির জেরে সীমান্ত দিয়ে ফিরছেন বহু মানুষ
বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতির জেরে ভারত থেকে সেদেশে ফেরার হিড়িক লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙা সীমান্ত দিয়ে একদিনে প্রায় ৩০০ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরে গিয়েছেন। একই চিত্র দেখা গিয়েছে পেট্রাপোল ও নদিয়ার গেদে সীমান্তেও। মূলত পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণেই অনেকে দ্রুত দেশে ফেরার সিদ্ধান্ত নিচ্ছেন।
কলকাতায় চিকিৎসা বা ব্যবসার কাজে আসা বহু বাংলাদেশি নাগরিক এখন হোটেল ছেড়ে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। নিউ মার্কেট এলাকার হোটেলগুলিতেও বাংলাদেশি অতিথিদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। দেশে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের খবর আসায় পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন ভারতে থাকা বাংলাদেশিরা। অনেকেই নিজেদের কাজ অসম্পূর্ণ রেখেই প্রিয়জনদের পাশে দাঁড়াতে দেশে ফিরছেন।
তবে ফেরার পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চিত্রও দেখা যাচ্ছে। বৃহস্পতিবার ঘোজাডাঙা সীমান্ত দিয়ে প্রায় ২০৫ জন বাংলাদেশে থেকে ভারতে প্রবেশ করেছেন। নিরাপদ আশ্রয় ও কাজের সন্ধানেই অনেকে ভারতে আসছেন বলে মনে করা হচ্ছে। ঘোজাডাঙা, পেট্রাপোল ও গেদে—এই তিন সীমান্তেই ইমিগ্রেশন ও নিরাপত্তা বিধি মেনে দুই দেশের নাগরিকদের যাতায়াত চলছে। বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা।