বাংলাদেশে অস্থিরতা: ৩৩৮ আওয়ামী লীগ কর্মী গ্রেফতার, গোপালগঞ্জে মোবাইল ব্যাঙ্কিং বন্ধের নির্দেশ
বাংলাদেশে অস্থির পরিস্থিতি এখনও বজায় রয়েছে। গত বৃহস্পতিবার রাতে ঢাকার পল্লবী ও বাড্ডা এলাকায় দু’টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একইসঙ্গে ঢাকা ও কুষ্টিয়ায় বোমাবাজির খবর পাওয়া গেছে এবং চট্টগ্রামসহ দেশের মোট ছয়টি স্থানে পুলিশ কিয়স্কে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
এই পরিস্থিতি মোকাবিলায় ঢাকা ও গোপালগঞ্জসহ সাতটি জেলায় পুলিশের পাশাপাশি ১০৯ প্ল্যাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দেশজুড়ে চলা এক বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের অন্তত ৩৩৮ জন নেতা-কর্মী ও সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ঢাকা থেকে ৫০ জনকে আটক করা হয়েছে।
গ্রেফতার হওয়া উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেসসচিব কেএম শাখাওয়াত মুন, মাদারিপুরের প্রাক্তন জেলাশাসক ইলিয়াস হোসেন এবং সাংসদ আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফিরদৌস ডরিন।
অন্যদিকে, গোপালগঞ্জ জেলায় মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যাঙ্কিং সংস্থা সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি অনুযায়ী, সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে অস্বাভাবিক মাত্রায় আর্থিক লেনদেন হয়েছে এবং অনেকে গ্রেফতারি এড়াতে সেখানে আশ্রয় নিয়ে মোবাইলের মাধ্যমে টাকা লেনদেন করছেন। এই আর্থিক প্রবাহে রাশ টানতেই পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে।