ট্রাম্পকে খুনের ভয়াবহ ছক! হোয়াইট হাউসের সামনে আটক সশস্ত্র যুবক
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র, হোয়াইট হাউসের সামনে ভারী অস্ত্রসহ ভেনেজুয়েলার নাগরিক গ্রেপ্তার
ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে এক ভেনেজুয়েলান নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। হোয়াইট হাউসের নিরাপত্তা বলয়ের সামনে ভারী অস্ত্রসহ ওই যুবকের উপস্থিতি মার্কিন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মমাফিক টহলের সময় হোয়াইট হাউসের সামনে দীর্ঘক্ষণ একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখেন কর্তব্যরত আধিকারিকরা। সন্দেহ হওয়ায় ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। পুলিশ জিজ্ঞাসাবাদ করলে ওই যুবক দাবি করে, কেউ তাকে হত্যার চেষ্টা করছে বলে সে আশঙ্কা করছে, তাই আত্মরক্ষার জন্য সে অস্ত্র বহন করছে। এরপর সে নিজেই পুলিশকে একটি খয়েরি রঙের ব্যাগের দিকে নির্দেশ দেয়।
ওই ব্যাগ তল্লাশি করে পুলিশ রীতিমতো হতবাক হয়ে যায়। সেখান থেকে একটি ম্যাক-১০ মেশিন পিস্তল, একটি গ্লক পিস্তল, একটি এআর-১৫ রাইফেলসহ প্রচুর গুলি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। তদন্তে জানা গেছে, ট্রাকটি দক্ষিণ ক্যারোলিনা থেকে চুরি করা হয়েছিল।
পুলিশি জেরার মুখে অভিযুক্ত ব্যক্তি দাবি করেছে, ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার নির্দেশ সে নিজের মস্তিষ্কের ভিতর থেকেই পেয়েছে। অভিযুক্তের ভাষা বুঝতে তদন্তকারীদের গুগল ট্রান্সলেটরের সাহায্য নিতে হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি ট্রাম্পকে খুনের পরিকল্পনার কথা স্বীকার করলেও, এর পেছনে অন্য কোনো গোষ্ঠীর হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া তার মানসিক সুস্থতার বিষয়টিও তদন্তের আওতায় রাখা হয়েছে।
বর্তমানে অভিযুক্তকে আদালতে পেশ করা হয়েছে এবং তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। হোয়াইট হাউসের মতো অত্যন্ত সুরক্ষিত এলাকার সামনে কীভাবে ওই যুবক এত বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে পৌঁছাল, তা নিয়ে তদন্ত চলছে।