চন্দন তিলক পরায় ক্লাস থেকে বের করে দেওয়া! স্কুলের বিরুদ্ধে মামলা ছাত্রের বাবার
ধর্মীয় প্রতীক ব্যবহারে বাধা, লন্ডনের স্কুলের বিরুদ্ধে ২৫ হাজার পাউন্ডের ক্ষতিপূরণ মামলা
লন্ডন: কপালে চন্দন তিলক পরায় এক ভারতীয় বংশোদ্ভূত হিন্দু ছাত্রকে হেনস্তার অভিযোগ উঠল পশ্চিম লন্ডনের ভাইকারস গ্রিন প্রাইমারি স্কুলের বিরুদ্ধে। এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত ওই ছাত্রের বাবা স্কুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এবং ২৫ হাজার পাউন্ড ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই স্বামীনারায়ণ ধর্মের অনুসারী ওই ছাত্র বাড়ি ও স্কুল—উভয় ক্ষেত্রেই কপালে চন্দন তিলক ব্যবহার করত। কিন্তু স্কুলে তাকে এই ধর্মীয় প্রতীকের কারণে নিয়মিত কটূক্তি ও জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়। এক পর্যায়ে স্কুল কর্তৃপক্ষ তাকে ক্লাস থেকে বের করে দেয় বলে অভিযোগ। সন্তানের এমন অভিজ্ঞতায় মানসিকভাবে ভেঙে পড়ার পর, বাধ্য হয়ে গত বছর অভিভাবকরা তাকে ওই স্কুল থেকে ছাড়িয়ে অন্য বিদ্যালয়ে ভর্তি করান।
ভুক্তভোগী ছাত্রের পরিবারের আইনি প্রতিনিধিত্ব করছে লন্ডনের ‘আশ্রয়’ নামের একটি পরামর্শদাতা সংস্থা। সংস্থার আইনজীবীর মতে, এটি কেবল একটি নির্দিষ্ট ঘটনা নয়, বরং ব্রিটেনে স্বাধীনভাবে ধর্মাচরণের অধিকারের পরিপন্থী। তিনি বলেন, “ব্রিটেনে প্রতিটি শিশুর স্বাধীনভাবে বেড়ে ওঠার অধিকার রয়েছে। একজন ছাত্রের শিক্ষাজীবনে তার ধর্মীয় বিশ্বাসে বাধা দেওয়া আইনত অন্যায়।”
আইনজীবী আরও জানান, যুক্তরাজ্যে প্রায় ১০ লক্ষ হিন্দু ধর্মাবলম্বী বসবাস করেন। এই ঘটনা পুরো হিন্দু সম্প্রদায়ের বিশ্বাসের প্রতি আঘাত। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে আদালত শিশুদের স্বাধীনতা রক্ষার নিরিখে যথাযথ রায় দেবে বলে তিনি আশাবাদী। এখন পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।