ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! চারিদিকে রক্তের বন্যা, কামরা থেকে বেরিয়ে আসছে একের পর এক নিথর দেহ

 

মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: সংঘর্ষে হতাহতের আশঙ্কা, তদন্তের নির্দেশ প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক: মিশরে ফের বড় ধরনের রেল দুর্ঘটনার কবলে পড়ল দুটি যাত্রীবাহী ট্রেন। রবিবার রাতে গিজা-ফাইয়ুমগামী একটি ট্রেন কায়রো-আসওয়ানগামী দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের শেষ কামরায় সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে এবং বেশ কয়েকজন যাত্রী হতাহত হন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, একই লাইনে একই দিকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা ট্রেনের পেছনে ধাক্কা মারে চলন্ত ট্রেনটি। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। প্রত্যক্ষদর্শী আয়মান গামালের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৮০ জন আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া কামরায় আটকে পড়া বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধারের পর মৃত অবস্থায় পাওয়া গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন। সমাজমাধ্যমে এক বার্তায় তিনি এ কথা জানান। মিশরের রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল এবং ক্রেন পাঠানো হয়েছে। ধ্বংসাবশেষ সরিয়ে যত দ্রুত সম্ভব রেল পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, মিশরে রেল দুর্ঘটনা নতুন কোনো ঘটনা নয়। দীর্ঘ দিন ধরেই সে দেশের রেল ব্যবস্থার দুর্বল রক্ষণাবেক্ষণ ও ত্রুটিপূর্ণ পরিচালনা নিয়ে প্রশ্ন উঠছে। আধুনিকীকরণের দাবি উঠলেও সাম্প্রতিক বছরগুলোতে একাধিক দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশটি। গত সেপ্টেম্বরেও আল-আয়াত এলাকায় মালগাড়ির সংঘর্ষে চালকসহ দু’জন আহত হয়েছিলেন। এছাড়া, মিশরের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছিল ২০০২ সালে, যেখানে রাতের ট্রেনে অগ্নিকাণ্ডে তিন শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছিল। বর্তমান দুর্ঘটনার পর দেশটির রেল ব্যবস্থা ও নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *