নিট পরীক্ষায় দুর্নীতির অভিযোগে মোদী সরকারকে তোপ রাহুলের, ১০ বছরে ৮৯ বার প্রশ্ন ফাঁসের দাবি!
নিট (NEET-UG 2026) পরীক্ষার স্বচ্ছতা নিয়ে দেশজুড়ে চলা বিতর্কের আবহে এবার কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, বর্তমান সরকারের আমলে নিট পরীক্ষা আর মেধাবীদের লড়াই নেই, বরং এটি একটি ‘নিলাম কেন্দ্রে’ পরিণত হয়েছে। গত দশ বছরে দেশে ৮৯ বার বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে দাবি করে তিনি একে যুবসমাজের ভবিষ্যতের ওপর বড় আঘাত হিসেবে চিহ্নিত করেছেন।
নিলামে ২২ লাখ পড়ুয়ার ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক দীর্ঘ পোস্টে রাহুল গান্ধী ক্ষোভ উগরে দিয়ে লেখেন, পরীক্ষার প্রায় ৪২ ঘণ্টা আগে হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র বিক্রি হয়েছে। তাঁর দাবি, ২২ লাখেরও বেশি শিক্ষার্থী সারা বছর হাড়ভাঙা খাটুনি করে যে প্রস্ততি নিয়েছিল, এক রাতের দুর্নীতির ফলে তা বাজারে নিলাম হয়ে গেছে। মোদী সরকারের গত ১০ বছরের খতিয়ান টেনে তিনি অভিযোগ করেন, এই সময়ে ৪৮ বার পরীক্ষা বাতিল করে পুনরায় নিতে হয়েছে, যার ফলে বারবার প্রতারিত হচ্ছে সাধারণ ও গরিব পরিবারের সন্তানরা।
তদন্তের মুখে রাজস্থান ও এনটিএ-র সাফাই
এই দুর্নীতির অভিযোগ ওঠার পরপরই রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে। তদন্তকারীরা জানিয়েছেন, পরীক্ষার এক মাস আগে থেকেই একটি সম্ভাব্য প্রশ্নপত্র বা ‘গেজ পেপার’ বাইরে ঘুরছিল, যার সঙ্গে মূল পরীক্ষার কেমিস্ট্রি বিভাগের ১২০টি প্রশ্নের হুবহু মিল পাওয়া গেছে। অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) দাবি করেছে যে, পরীক্ষাটি অত্যন্ত কড়া নিরাপত্তা, জিপিএস ট্র্যাকিং এবং এআই নজরদারির মধ্যে সম্পন্ন হয়েছে। তদন্ত ও পাল্টা দাবির এই টানাপোড়েনে বর্তমানে অনিশ্চয়তার মুখে পড়েছেন লাখ লাখ পরীক্ষার্থী।