চাকরি বা পড়াশোনা করা স্ত্রীর অধিকার, কোনো করুণা নয়!
উচ্চশিক্ষা ও ক্যারিয়ার স্ত্রীর অধিকার, লিঙ্গভিত্তিক চিরাচরিত ধারণায় আপত্তি ঝাড়খণ্ড হাইকোর্টের
নিজস্ব প্রতিবেদক, রাঁচি: দাম্পত্য জীবনে স্ত্রীর উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার ইচ্ছাকে ‘অতি উচ্চাকাঙ্ক্ষী’ হিসেবে দেখার প্রবণতার কড়া সমালোচনা করল ঝাড়খণ্ড হাইকোর্ট। পারিবারিক আদালতের একটি রায় খারিজ করে প্রধান বিচারপতি এম এস সোনক ও বিচারপতি মনোজ প্রসাদের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, উচ্চশিক্ষা ও চাকরি করা একজন নারীর অধিকার, এটি স্বামীর কোনো উদারতা নয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০০৪ সালে ওই দম্পতির বিয়ে হয় এবং তাঁদের এক কন্যাসন্তান রয়েছে। স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন এবং পণ দাবির অভিযোগ এনে হিন্দু বিবাহ আইনের ১৩(১)(আইএ) ধারায় বিবাহবিচ্ছেদের আবেদন জানান স্ত্রী।
মহিলার অভিযোগ, বিয়ের পর স্বামী তাঁকে চাকরি ছাড়তে বাধ্য করেন। পরে দিল্লিতে গিয়েও স্বামী চাকরি ছেড়ে ঘরে বসে থাকেন এবং স্ত্রী ও সন্তানকে আত্মীয়ের বাড়িতে রেখে আসেন। নিজের ও মেয়ের ভরণপোষণের জন্য মহিলাকে টিউশনি শুরু করতে হয়। তাঁর আরও অভিযোগ, পরবর্তীকালে মধ্যপ্রাচ্যে যাওয়ার নাম করে স্বামী তাঁর কাছে ৫ লক্ষ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় ফের নির্যাতন শুরু হয়।
২০১৯ সালে জামশেদপুরের পারিবারিক আদালত ওই মহিলার বিবাহবিচ্ছেদের আবেদন খারিজ করে দেয়। ওই আদালতের পর্যবেক্ষণ ছিল, স্বামী স্ত্রীকে উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ দিয়েছিলেন, যা তাঁর সহযোগিতামূলক ও উদার মনোভাবের পরিচায়ক। পাশাপাশি, মহিলাকে ‘অতি উচ্চাকাঙ্ক্ষী’ বলেও মন্তব্য করেছিল পারিবারিক আদালত। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানান স্ত্রী।
হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পারিবারিক আদালতের যুক্তির কঠোর সমালোচনা করে জানায়, বিয়ের পর উচ্চশিক্ষা চালিয়ে যাওয়া বা চাকরি করা স্ত্রীর নিজস্ব অধিকার; তা স্বামীর দয়া বা অনুগ্রহ নয়। একজন পুরুষের ক্ষেত্রে বিয়ের পর পড়াশোনা বা চাকরি চালিয়ে যাওয়া স্বাভাবিক হিসেবে দেখা হলে, একই কারণে একজন নারীকে অতি উচ্চাকাঙ্ক্ষী তকমা দেওয়া সমীচীন নয়।
আদালত আরও জানায়, দাম্পত্য সম্পর্কের ভিত্তি হওয়া উচিত সমতা ও পারস্পরিক সম্মান। লিঙ্গভিত্তিক চিরাচরিত ধারণার ভিত্তিতে বিবাহবিচ্ছেদের আবেদন খারিজ করা যায় না। হাইকোর্ট পারিবারিক আদালতের রায় খারিজ করে এবং স্বামীর নিষ্ঠুরতার প্রমাণ পাওয়ায় হিন্দু বিবাহ আইনের আওতায় ওই দম্পতির বিবাহবিচ্ছেদের নির্দেশ দেয়।