বিশ্বের প্রতিটি ডাইনিং টেবিলে পৌঁছাবে ভারতীয় খাবার, লক্ষ্য কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের

‘স্মার্ট কৃষক, উন্নত ভারত’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এক কৃষি সম্মেলনে যোগ দিয়ে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী চিরাগ পাসওয়ান কৃষির সার্বিক উন্নয়ন ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ভারতের মতো কৃষিপ্রধান দেশে কৃষকরাই অর্থনীতির মেরুদণ্ড। তাঁদের কঠোর পরিশ্রমের ফলেই দেশ আজ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে এবং বিশ্বের খাদ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মন্ত্রী জানান, কেবল উৎপাদন বৃদ্ধিই যথেষ্ট নয়, কৃষিপণ্যের গুণমান ও বাজারমূল্য বাড়ানোর দিকেও নজর দিতে হবে। তিনি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের প্রসারের মাধ্যমে ভারতীয় খাবারকে বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়ার স্বপ্ন প্রকাশ করেন। তাঁর মতে, পরিকাঠামোর অভাবে কৃষকরা অনেক সময় আলু, টমেটো ও পেঁয়াজের মতো পচনশীল ফসল জলের দরে বিক্রি করতে বাধ্য হন। প্রক্রিয়াকরণ শিল্পের প্রসার ঘটলে ফসলের সংরক্ষণকাল বাড়বে এবং কৃষকরা ফসলের ন্যায্য দাম পাবেন।

চিরাগ পাসওয়ান আরও বলেন, সরকার নীতি ও পরিকাঠামো তৈরি করলেও শিল্প সংস্থাগুলোকে বিনিয়োগ নিয়ে এগিয়ে আসতে হবে। বিশেষ করে উৎপাদন কেন্দ্রের কাছাকাছি প্রসেসিং ইউনিট গড়ে তোলার ওপর তিনি জোর দেন। এতে পরিবহন খরচ কমবে এবং কৃষকরা সরাসরি উপকৃত হবেন। প্রধানমন্ত্রীর ‘আত্মনির্ভর ভারত’ গড়ার লক্ষ্য পূরণে খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থার আধুনিকায়ন অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *