স্ত্রীর বিরুদ্ধে ৯ বার বিয়ের অভিযোগ, রাজনৈতিক নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলা খারিজ হাইকোর্টের

কর্নাটকের হোসাপেটের এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে পণের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন তাঁর স্ত্রী। এই অভিযোগের ভিত্তিতে উদুপি আদালতে ওই নেতার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা চলছিল। সেই আইনি প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ওই নেতা। আদালতে তিনি দাবি করেন, তাঁর স্ত্রী অভ্যাসগতভাবে বিয়ের পর স্বামীর সঙ্গে বিবাদ করে এবং পরে টাকার বিনিময়ে সমঝোতা করে নেয়।

ওই নেতার দাবি, তাঁর স্ত্রী ২০০৪ সাল থেকে মোট নয়বার বিয়ে করেছেন এবং তিনি নিজে ওই মহিলার সপ্তম স্বামী। নিজের দাবির স্বপক্ষে তিনি আদালতে বেশ কিছু নথিও জমা দেন। যদিও ওই মহিলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি নয়বার নয়, মাত্র চারবার বিয়ে করেছেন এবং প্রতিটি বিয়ের আগে আগের স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ বা ইসলামিক রীতি অনুযায়ী ‘খুলা’ সম্পন্ন হয়েছে। তিনি স্বামীর জমা দেওয়া নথিগুলিকে জাল বলে দাবি করেন।

উভয় পক্ষের বক্তব্য ও নথি খতিয়ে দেখে হাইকোর্ট জানিয়েছে, মহিলার অভিযোগের সপক্ষে অকাট্য প্রমাণের অভাব রয়েছে। আদালত স্পষ্ট করেছে যে, চার্জশিট জমা পড়লেই অপরাধ প্রমাণিত হয় না। এই পর্যবেক্ষণের ভিত্তিতে হাইকোর্ট ওই রাজনৈতিক নেতার আবেদন গ্রহণ করেছে এবং স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপ চালানোর দাবি খারিজ করে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *