অসমে লাইনচ্যুত কলকাতা-সাইরং এক্সপ্রেস, শিয়ালদহে চালু হেল্পলাইন
অসমে দুর্ঘটনার কবলে পড়ল কলকাতা-সাইরং এক্সপ্রেস। আজ সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ ডিগারু রেলস্টেশনে ট্রেনটির ৬টি কোচ লাইনচ্যুত হয়। মিজোরাম থেকে কলকাতা অভিমুখে যাওয়ার সময় অন্য একটি ট্রেনকে জায়গা করে দিতে গিয়ে ডিগারু স্টেশনে প্রবেশের সময় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যানুযায়ী, ট্রেনের গতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার কারণেই এই বিপত্তি ঘটেছে বলে মনে করা হচ্ছে।
উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ের সিপিআরও কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরেই রেলের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন। উদ্ধারকাজ শুরু হয়েছে এবং আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
দুর্ঘটনার পর যাত্রীদের সুবিধার্থে শিয়ালদহ স্টেশনে বিশেষ হেল্প ডেস্ক খোলা হয়েছে। যে কোনো প্রয়োজনে যাত্রীদের পরিবারের সদস্যরা ০৩৩-২৩৮৩৩৩২৬ এবং ০৩৩-২৩৫০৯৬৪৩ নম্বরে যোগাযোগ করতে পারবেন। আটকে পড়া যাত্রীদের বিকল্প ট্রেনের মাধ্যমে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে রেল কর্তৃপক্ষ। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।