কানপুরে লাইনচ্যুত চৌরি চৌরা এক্সপ্রেসের চারটি এসি বগি, বড় বিপদ থেকে রক্ষা পেলেন যাত্রীরা
কানপুর সেন্ট্রাল স্টেশনে বুধবার বিকেলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন চৌরি চৌরা এক্সপ্রেসের প্রায় ৩০০ যাত্রী। কানপুর আনোয়ারগঞ্জ থেকে গোরক্ষপুরগামী ১৫০০৩ নম্বর ট্রেনটি বিকেল ৫টা ৩ মিনিটে কানপুর সেন্ট্রাল স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায়। এরপর বিকেল ৫টা ৭ মিনিট নাগাদ স্টেশন ছাড়ার সময় ট্রেনটির চারটি এসি কামরা—বি৪, বি৫, বি৬ এবং বি৭ হঠাৎ লাইনচ্যুত হয়ে যায়।
ট্রেনটি স্টেশন ছাড়ার মুখেই ধীরগতিতে থাকায় বড় ধরনের প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার আকস্মিকতায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও সকলেই অক্ষত রয়েছেন। কানপুর সেন্ট্রালের ডেপুটি চিফ ট্রাফিক ম্যানেজার অক্ষাংশু গোভিল এবং পুলিশের ডেপুটি কমিশনার সত্যজিৎ গুপ্ত জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রেলের নিরাপত্তা বিভাগ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
রেল কর্তৃপক্ষের তরফে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে। রেলের টেকনিক্যাল টিম লাইন ও সিগন্যালিং ব্যবস্থার খুঁটিনাটি খতিয়ে দেখছে। উল্লেখ্য, একই দিনে সকালে অসমের দিগারু স্টেশনের কাছে কলকাতা থেকে মিজোরামগামী সাইরাং এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়, যেখানে সাতজন যাত্রী আহত হয়েছিলেন। একদিনের ব্যবধানে দেশের দুই প্রান্তে জোড়া ট্রেন দুর্ঘটনার ঘটনায় রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।