কৃষকদের আয় চার গুণ পর্যন্ত বেড়েছে, দাবি কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, দেশে কৃষকদের আয় দ্বিগুণ হওয়ার পাশাপাশি অনেক ক্ষেত্রে তা তিন থেকে চার গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তিনি জানান, ২০১৮ সালের তথ্যের ভিত্তিতে নয়, বরং বর্তমান বাস্তব পরিস্থিতি পর্যালোচনার জন্য নতুন সমীক্ষা চালানো হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ ও প্রযুক্তি ব্যবহারের পার্থক্যের কারণে সব কৃষকের আয় সমান হারে না বাড়লেও, সামগ্রিক কৃষি ব্যবস্থায় অভাবনীয় রূপান্তর ঘটেছে। মন্ত্রী আরও জানান, ভারত এখন খাদ্যশস্য উৎপাদনে স্বনির্ভর এবং চাল ও গম রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। তবে ডাল ও তৈলবীজ উৎপাদনে ঘাটতি মেটানোই এখন সরকারের প্রধান লক্ষ্য।

কৃষিপণ্যের দাম নিয়ন্ত্রণ ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিয়ে মন্ত্রী বলেন, উৎপাদক ও ক্রেতার স্বার্থের ভারসাম্য বজায় রাখাই সরকারের মূল কাজ। কৃষকরা যাতে ফসলের ন্যায্য মূল্য পান এবং সাধারণ মানুষ যাতে সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারেন, তা নিশ্চিত করতে শুল্ক কাঠামোয় প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনা হয়। এছাড়া, ফসলের মূল্যের বিপুল ফারাক কমাতে দালালদের প্রভাব খর্ব করার উপায় খোঁজা হচ্ছে এবং এ বিষয়ে কৃষকদের কাছ থেকে সরাসরি পরামর্শ নেওয়া হচ্ছে।

কৃষকদের সহায়তায় সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্য তুলে ধরে মন্ত্রী জানান, ফসল বিমা যোজনার মাধ্যমে কৃষকদের ২.০৯ লক্ষ কোটি টাকার বেশি ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং পিএম-কিষান প্রকল্পের আওতায় ৪.৬৬ লক্ষ কোটি টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছেছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারে কৃষিতে বিপ্লব আনতে দেশে ১১ কোটিরও বেশি কৃষককে ‘ডিজিটাল ফার্মার আইডি’ প্রদান করা হয়েছে। এই ডিজিটাল আইডির ফলে ব্যাংক ঋণ, বিমা ও সরকারি প্রকল্পের সুবিধা পেতে কৃষকদের আর দপ্তরে দপ্তরে দৌড়াতে হবে না। ভারতকে বিশ্বের শস্যভাণ্ডারে পরিণত করাই সরকারের লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *