সরকারি কর্মীদের জন্য নতুন নির্দেশিকা: ল্যাপটপ ও ডিভাইস কেনার নিয়মে বড় বদল
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ডিভাইস কেনার নিয়মে বড়সড় পরিবর্তন আনল অর্থ মন্ত্রকের ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার। গত ১০ নভেম্বর জারি করা নতুন নির্দেশিকায় ২০২৩ সালের জুলাই মাসে চালু হওয়া পুরনো নিয়ম বাতিল করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, সরকারি দফতরগুলি এখন থেকে আরও দামি ডিভাইস কেনার সুযোগ পাবে। ল্যাপটপ, ট্যাবলেট, নোটপ্যাড, আলট্রাবুক ও নোটবুকের মতো ডিভাইস কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সীমা ১.৮ লক্ষ টাকা (জিএসটি অতিরিক্ত) পর্যন্ত ধার্য করা হয়েছে। তবে ডিভাইসে অন্তত ৪০ শতাংশ ‘মেক ইন ইন্ডিয়া’ সামগ্রী থাকা বাধ্যতামূলক। এই শর্ত পূরণ না হলে ক্রয়ের ঊর্ধ্বসীমা কমে ১.৫ লক্ষ টাকায় নেমে আসবে। উল্লেখ্য, এই তালিকায় মোবাইল ফোন অন্তর্ভুক্ত করা হয়নি।
নতুন এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে কর্মীদের পদমর্যাদা বা পে লেভেল অনুযায়ী বিভাজন করা হয়েছে। পে লেভেল ১২ এবং তার ওপরের স্তরের আধিকারিকরা এই সুবিধার আওতায় সরাসরি অন্তর্ভুক্ত হবেন। পে লেভেল ৮ থেকে ১১ পর্যন্ত কর্মীদের ক্ষেত্রে প্রাথমিকভাবে ৫০ শতাংশ পদের জন্য এই সুবিধা বরাদ্দ থাকবে, যা প্রয়োজনে সচিবের অনুমোদন ও আর্থিক উপদেষ্টার পরামর্শ সাপেক্ষে ৭৫ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব। এই নিয়ম কেন্দ্রীয় সরকারের সমস্ত মন্ত্রক, দফতর এবং অধীনস্থ অফিসগুলিতে কার্যকর হবে।
নির্দেশিকা অনুযায়ী, সরকারি কর্মীরা একটি ডিভাইস চার বছর ব্যবহারের পর তা নিজের কাছে রাখতে পারবেন, তবে তার আগে ডিভাইসে থাকা সমস্ত সরকারি তথ্য মুছে ফেলা বাধ্যতামূলক। চার বছর পূর্ণ হওয়ার আগে কেউ চাকরি ছাড়লে নির্দিষ্ট মূল্য জমা দিয়ে ডিভাইসটি নিজের কাছে রাখা যাবে। তবে চার বছরের সময়সীমার মধ্যে নতুন ডিভাইস পাওয়ার সুযোগ থাকবে না, যদি না পুরনো ডিভাইসটি মেরামতের অযোগ্য হয়ে পড়ে। সফটওয়্যারের খরচ ডিভাইসের মূল্যের সঙ্গেই অন্তর্ভুক্ত থাকবে বলে জানানো হয়েছে।