কুলগামে সিআরপিএফ জওয়ানদের ওপর হামলা, লস্কর যোগের সন্দেহে তল্লাশি

গত বুধবার কুলগামের মীরবাজারের কাছে আখরান এলাকায় সিআরপিএফের একটি নিরাপত্তা চৌকিতে অতর্কিতে হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। মোটরবাইকে আসা তিন জঙ্গি একে-৪৭ রাইফেল থেকে এলোপাথাড়ি গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই হামলায় রাকেশ দাস, শান্তনু চন্দ্র ও সোমবীর সিং নামে তিন সিআরপিএফ জওয়ান গুরুতর আহত হন। আহতদের প্রথমে অনন্তনাগের হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে শান্তনু চন্দ্রের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে শ্রীনগরের ৯২ বেস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

তদন্তকারীদের অনুমান, এই হামলার নেপথ্যে লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন ‘দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট’ বা টিআরএফের হাত রয়েছে। স্থানীয় বাসিন্দা লতিফ বাট নামে এক জঙ্গি এই ঘটনার মূল পরিকল্পনাকারী হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। পেশায় কাঠমিস্ত্রি লতিফ বাট অতীতে অমরনাথ যাত্রার নিরাপত্তায় থাকা পুলিশকর্মী হত্যা এবং কুলগামে দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনার সঙ্গেও জড়িত বলে অভিযোগ রয়েছে। গোয়েন্দাদের দাবি, পাকিস্তানের মোস্ট ওয়ান্টেড জঙ্গি সাজ্জাদ গুলের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে।

লতিফ বাটের সন্ধান পেতে নিরাপত্তা সংস্থাগুলির পক্ষ থেকে ১৫ লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষণা করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের শনাক্ত করার পাশাপাশি, ওই জঙ্গিকে পাকড়াও করতে পুরো উপত্যকায় চিরুনি তল্লাশি অভিযান শুরু করেছে যৌথবাহিনী। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে গোটা এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং অপরাধীদের ধরতে সবরকম চেষ্টা চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *