চুরি যাওয়া অলিম্পিক পদক ফিরে পেলেন এম এম সোমায়া, স্বস্তিতে প্রাক্তন হকি তারকা
প্রাক্তন হকি তারকা এম এম সোমায়ার চুরি যাওয়া অলিম্পিক পদক উদ্ধার করল বেঙ্গালুরু পুলিশ। গত ২৮ অক্টোবর বেঙ্গালুরুর ইন্দিরানগরে সোমায়ার বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। পরিবারের সঙ্গে কর্ণাটকের কোডাগু জেলায় থাকাকালীন দুষ্কৃতীরা মূল দরজার তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে। পদকের পাশাপাশি সোনা-রুপোর সামগ্রী ও নগদ টাকাও চুরি হয়েছিল। এই ঘটনায় ইন্দিরানগর থানায় অভিযোগ দায়ের করা হয়।
তদন্তের জন্য পুলিশ আটটি বিশেষ দল গঠন করে। ঘটনার সূত্র ধরে ৯ নভেম্বর রামনগর জেলা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১০ নভেম্বর পুলিশ চুরি যাওয়া আটটি পদক, একটি কোদাভা তরোয়াল, একটি ক্যামেরা ও একটি দুই চাকার গাড়ি উদ্ধার করে। ধৃতদের বিরুদ্ধে আগে থেকেই ৩৩টি মামলা রয়েছে বলে জানা গিয়েছে। আদালতে পেশ করার পর তাদের আট দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।
হারানো পদক ফিরে পেয়ে আবেগপ্রবণ সোমায়া জানান, এই পদকগুলি তাঁর কাছে কেবল পুরস্কার নয়, বরং কয়েক দশকের স্মৃতি ও দেশের হয়ে প্রতিনিধিত্বের প্রতীক। তিনি বলেন, পদকগুলি ফিরে পেয়ে তাঁর মনে হচ্ছে যেন তিনি পুনরায় অলিম্পিক পদক জয় করেছেন। পুলিশি তৎপরতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রাক্তন এই হকি তারকা।