ট্রেনে শ্লীলতাহানির প্রতিবাদ, ধাক্কা মেরে ফেলে দেওয়ায় হাত হারালেন মহিলা

বোরিভলি থেকে বিরারগামী একটি লোকাল ট্রেনে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। নাইগাঁও স্টেশনের কাছে ট্রেনের কামরায় এক যুবক ওই মহিলার সঙ্গে অশালীন আচরণ শুরু করলে তিনি তার তীব্র প্রতিবাদ জানান। প্রতিবাদকে কেন্দ্র করে দু’জনের মধ্যে বচসা ও হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত যুবক মহিলাকে লক্ষ্য করে জুতো ছুড়ে মারে এবং এক পর্যায়ে তাঁকে সজোরে ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দেয়।

ট্রেন থেকে পড়ে যাওয়ার সময় মহিলা কামরার মাঝের ফাঁকা অংশ দিয়ে রেললাইনের ওপর গিয়ে পড়েন। প্ল্যাটফর্মে ওঠার চেষ্টার সময় ট্রেনটি ছেড়ে দিলে তাঁর বাঁ হাতটি ট্রেনের চাকার নিচে চলে যায় এবং কনুইয়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনায় মহিলার মাথায় গুরুতর চোট লাগে এবং ১৬টি সেলাই পড়ে। রক্তাক্ত ও অচৈতন্য অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের বেডে শুয়ে ওই মহিলা জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তাঁর জীবন কার্যত ধ্বংস হয়ে গিয়েছে। তিনি পুলিশের তদন্তে গাফিলতির অভিযোগ তুলে অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করার দাবি জানিয়েছেন। ঘটনার পর অভিযুক্ত পালানোর চেষ্টা করলেও পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এই বর্বরোচিত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *