অমিতাভ বচ্চনের বাসভবন ও মুম্বইয়ের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে হামলার হুমকি
মুম্বইয়ের একাধিক গুরুত্বপূর্ণ স্থান এবং মেগাস্টার অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’-তে হামলার হুমকি দিয়ে একটি ইমেল পাঠানো হয়েছে। ওই ইমেলে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অমিতাভ বচ্চনকে হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি তাঁর বাড়িতে গাড়ি বোমা বিস্ফোরণের পরিকল্পনা করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এই ঘটনার পর নিরাপত্তা সংস্থা ও গোয়েন্দা মহলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
হুমকি ইমেলে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, মুম্বইয়ের মেয়র দফতর এবং একটি আদালতে হামলার কথা উল্লেখ রয়েছে। এছাড়া আগামী ২৭ নভেম্বর মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে সম্ভাব্য হামলার কথা জানিয়ে নাগরিকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইমেলে রাস্তায় পড়ে থাকা আইফোন স্পর্শ না করার মতো অদ্ভুত ও বিপজ্জনক সতর্কবার্তাও দেওয়া হয়েছে।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ইমেলটিতে ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গার প্রসঙ্গ এবং খালিস্তানপন্থী স্লোগান ব্যবহার করা হয়েছে। ইমেলে ‘খালিস্তান ন্যাশনাল আর্মি’-র নাম উল্লেখ থাকলেও, এর পেছনে কোনো জঙ্গি সংগঠনের হাত রয়েছে কি না, তা এখনও নিশ্চিত করতে পারেনি সাইবার ক্রাইম বিভাগ ও পুলিশ প্রশাসন।
গুরুত্বপূর্ণ স্থান ও বিশিষ্ট ব্যক্তিকে নিশানা করে এমন হুমকি আসায় মুম্বইয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিটি সংবেদনশীল এলাকায় তল্লাশি অভিযান ও নজরদারি বহু গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা যাচাই ও নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।