আসামে ভয়াবহ বাস-লরি সংঘর্ষ, মৃত ও আহতের সংখ্যা বাড়ছে
আসামের বোকাখাট থেকে নগাঁওগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বাস ও লরি দুটিই দুমড়েমুচড়ে যায় এবং বাসের সামনের অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। লরির ধাক্কায় বাসটি বেশ কিছুটা পিছিয়ে গিয়ে রাস্তার পাশে খাদে ঝুলে পড়ে। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন।
দুর্ঘটনায় বাসের চালক ও সহচালকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা বাসের জানালা দিয়ে বেশ কয়েকজনকে উদ্ধার করলেও হাসপাতালে নেওয়ার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় আরও অনেকের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় কোহরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গোলাঘাটের পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা জানিয়েছেন, পুলিশ ও দমকল বাহিনী উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে। দুর্ঘটনার জেরে কাজিরাঙা রুটে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন মন্ত্রী অতুল বোরা। এদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, আহতদের চিকিৎসার যাবতীয় দায়িত্ব রাজ্য সরকার বহন করবে।