অমিতাভ বচ্চনকে খুনের ছক গ্যাংস্টারদের, দিল্লি পুলিশের জালে দুই শ্যুটার
অমৃতসরে ম্যাড সান্ধু খুনের ঘটনায় জড়িত দুই শ্যুটারকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। ধৃতদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন যে, এই অপরাধীরা বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনকে আক্রমণের পরিকল্পনা করেছিল। বিদেশে বসে থাকা এক কুখ্যাত গ্যাংস্টারের নির্দেশে তারা এই নাশকতামূলক ছক কষেছিল বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গেছে, এসিপি বিবেক ত্যাগীর নেতৃত্বে একটি বিশেষ দল এই অভিযান চালায়। প্রথমে পঞ্জাবের জলন্ধরের বাসিন্দা বিকাশ ঠাকুর ওরফে ভিকিকে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জেরায় সে জানায়, এক বিদেশি গ্যাংস্টারের নির্দেশে দিল্লির এক ব্যবসায়ীকে ভয় দেখিয়ে টাকা আদায় এবং তাঁর ওপর গুলি চালানোর পরিকল্পনা ছিল তাদের। বিকাশকে জেরা করেই মুম্বই থেকে দ্বিতীয় শ্যুটারকে পাকড়াও করে পুলিশ।
তদন্তকারীদের দাবি, পুলিশ যদি সময়মতো এই দুই অভিযুক্তকে গ্রেপ্তার না করত, তবে তারা আরও বড় ধরনের রক্তক্ষয়ী কাণ্ড ঘটাতে পারত। বর্তমানে ধৃতদের জেরা করে এই আন্তর্জাতিক অপরাধ চক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা জানার চেষ্টা চলছে। এই ঘটনায় অস্ত্র আইনে একটি পৃথক মামলা রুজু করা হয়েছে এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।