বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় ‘আকভান’, অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা

দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হতে চলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে এবং ১৭ নভেম্বর আরও শক্তিশালী হয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ১৯ নভেম্বর রাতে এই ঝড় অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘূর্ণিঝড়টির প্রভাবে ১৭ নভেম্বর থেকে তামিলনাড়ুর বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৮ ও ১৯ নভেম্বর উত্তর তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকালেও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া ১৯ ও ২০ নভেম্বর অন্ধ্রপ্রদেশ এবং ১৯ থেকে ২১ নভেম্বর ওড়িশার উপকূলবর্তী এলাকায় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। ঝড়ের প্রভাবে সংশ্লিষ্ট এলাকাগুলিতে দমকা হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড়ের সরাসরি কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই। তবে পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। ১৮ ও ১৯ নভেম্বর কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৯ থেকে ২১ নভেম্বর দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে ১৮ নভেম্বর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর ফলে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার আগে সাময়িকভাবে শীতের আমেজ কিছুটা বিঘ্নিত হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *