কর্তারপুর করিডোর খোলার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান

শ্রী গুরু নানক দেবজির প্রকাশ পর্ব উপলক্ষে কর্তারপুর করিডোর পুনরায় খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ এক পোস্টে তিনি উল্লেখ করেন যে, কোটি কোটি ভক্ত প্রতিদিন তাদের পবিত্র গুরুধাম দর্শনের জন্য প্রার্থনা করেন। সাধারণ মানুষের এই ধর্মীয় আবেগকে সম্মান জানিয়ে পাঞ্জাব বিধানসভায় ইতিপূর্বে এই মর্মে একটি প্রস্তাবও পাশ করা হয়েছিল। কেন্দ্র সরকার দ্রুত করিডোর খোলার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

অন্যদিকে, পাঞ্জাবের তরনতারন জেলায় গত শনিবার একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। ন্যাশনাল হাইওয়ে-৫৪-এর নওশেরা পন্নুয়াঁ এলাকায় পাঞ্জাব সরকারের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চার তীর্থযাত্রী ও এক মোটরসাইকেল চালকসহ মোট পাঁচজন প্রাণ হারান। এই ঘটনায় ১৫ জনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। রবিবার সকালে অমৃতসরের একটি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

পুরো ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী। তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা এবং দুর্ঘটনায় আহত প্রত্যেক ব্যক্তিকে ১ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে এই মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *