কেরলে বার্ড ফ্লু মোকাবিলায় ১৮ হাজারের বেশি পাখি নিধন, জারি সতর্কতা

কেরলের আম্বালাপ্পুঝা এবং চেন্নিথালা-থ্রিপেরুনথুরা এলাকায় বার্ড ফ্লু সংক্রমণ রুখতে বড় পদক্ষেপ নিল প্রশাসন। আক্রান্ত খামারগুলো থেকে মোট ১৮ হাজারেরও বেশি হাঁস, মুরগি ও কোয়েল নিধন করা হয়েছে। পাশাপাশি প্রায় ২৮ হাজার ডিম এবং ১০০ কেজি পোল্ট্রি খাবার নষ্ট করা হয়েছে। ভোপালের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিমেল ডিজিজেসে নমুনা পরীক্ষার পর এই এলাকায় বার্ড ফ্লুর উপস্থিতি নিশ্চিত হয়।

সংক্রমণ নিয়ন্ত্রণে প্রতিটি এলাকায় তিনটি করে র‍্যাপিড রেসপন্স টিম মোতায়েন করা হয়েছিল। চিকিৎসক, প্রাণিসম্পদ পরিদর্শক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে গঠিত এই দলগুলো কঠোর নিরাপত্তা বিধি মেনে নিধন প্রক্রিয়া সম্পন্ন করে। সংক্রমণ ছড়ানো আটকাতে মৃত পাখিগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। আক্রান্ত খামারগুলোর চারপাশের ১০ কিলোমিটার এলাকাকে নজরদারি অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। পশুপালন, ভেটেরিনারি ও স্বাস্থ্য বিভাগের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশ এই কাজে সহায়তা করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা মূলত বন্য ও গৃহপালিত পাখির মধ্যে দেখা গেলেও আক্রান্ত প্রাণীর সংস্পর্শে মানুষের মধ্যেও সংক্রমণ ছড়াতে পারে। এদিকে পোল্ট্রি শিল্পকে সুরক্ষিত রাখতে কেন্দ্র সরকারও তৎপর হয়েছে। ভোপালের আইসিএআর-এনআইএইচএসএডি দেশের প্রথম দেশীয় এইচ৫এন১ বার্ড ফ্লু ভ্যাকসিন তৈরি করেছে। আগামী ২০ নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান এই টিকার উদ্বোধন করবেন বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *