নিরামিষের বদলে আমিষ বার্গার সরবরাহ, সুইগি ও বার্গার কিংকে ৭২ হাজার টাকা জরিমানা

নিরামিষ বার্গারের বদলে আমিষ বার্গার সরবরাহের অভিযোগে সুইগি ও বার্গার কিংকে ৭২ হাজার টাকা জরিমানা করল ক্রেতা সুরক্ষা কমিশন। গুরুগ্রামের বাসিন্দা ভগবান দাস মঙ্গলা ২০২১ সালের ২ এপ্রিল সুইগি অ্যাপের মাধ্যমে বার্গার কিং থেকে চারটি নিরামিষ বার্গার অর্ডার করেছিলেন। অভিযোগ, সেই বার্গার খাওয়ার পর তাঁর দুই সন্তানের বমি ও অসুস্থতা দেখা দেয়। পরে প্যাকেট পরীক্ষা করে দেখা যায়, নিরামিষের পরিবর্তে আমিষ বার্গার পাঠানো হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, এই ঘটনায় তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে এবং সদস্যরা মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন। অভিযোগের পর বার্গার কিংয়ের পক্ষ থেকে বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও পরিবারটি তা প্রত্যাখ্যান করে ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হয়। শুনানিতে বিল, অ্যাপের চ্যাট এবং অন্যান্য নথিপত্র খতিয়ে দেখে কমিশন দুই সংস্থাকেই গাফিলতির জন্য দায়ী করেছে।

ক্রেতা সুরক্ষা কমিশনের বেঞ্চ মানসিক যন্ত্রণা ও হয়রানির জন্য ৫০ হাজার টাকা এবং মামলার খরচ বাবদ ২২ হাজার টাকা জরিমানা ধার্য করেছে। সুইগি ও বার্গার কিং ইন্ডিয়াকে যৌথভাবে এই অর্থ ৪৫ দিনের মধ্যে পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার টাকা জমা না দিলে বার্ষিক ১২ শতাংশ হারে সুদসহ সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে হবে বলে কমিশন স্পষ্ট জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *