বারাণসীতে উদ্ধার ৬৫০টি তোতার ডিম, পাচার চক্রের পর্দাফাঁস

উত্তরপ্রদেশের বারাণসীতে একটি বড়সড় বন্যপ্রাণী পাচার চক্রের হদিশ পেলেন তদন্তকারীরা। লখনউ এসটিএফ এবং বন বিভাগের যৌথ অভিযানে আদমপুর থানা এলাকার গোলগড্ডা মোড় থেকে ৬৫০টি তোতাপাখির ডিম উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় বিহারের পাটনার বাসিন্দা মহম্মদ সামিম, মহম্মদ নাসিদ এবং আফতাব নামে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হওয়া ডিমগুলো সংরক্ষিত প্রজাতির রোজ রিং প্যারট এবং আলেকজান্দ্রিন প্যারাকিটের বলে নিশ্চিত করেছেন বন কর্মকর্তারা। পাচারের কাজে ব্যবহৃত একটি বোলেরো পিকআপ গাড়ি এবং দুটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা থেকে এই ডিমগুলো সংগ্রহ করা হতো।

তদন্তকারীদের দাবি, উত্তরপ্রদেশে প্রতিটি ডিম ১৫০ থেকে ২০০ টাকায় কিনে বিহার ও পশ্চিমবঙ্গে তা ১৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত দামে বিক্রি করা হতো। এই বিপুল মুনাফার লোভে দীর্ঘদিন ধরে চক্রটি সক্রিয় ছিল। ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইনে মামলা রুজু করা হয়েছে। পাচার নেটওয়ার্কের শিকড় কতদূর বিস্তৃত এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা জানতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *