হরিদ্বারে শেষকৃত্য সম্পন্ন যোগী আদিত্যনাথের মায়ের, উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবীর শেষকৃত্য সম্পন্ন হলো হরিদ্বারের চণ্ডীঘাটে। ৯১ বছর বয়সে প্রয়াত সাবিত্রী দেবীর মরদেহ তাঁর পৈতৃক গ্রাম পঞ্চূর থেকে হরিদ্বারে নিয়ে আসা হয়। ধর্মীয় রীতি মেনে শেষকৃত্য সম্পন্ন হয় এবং তাঁর কনিষ্ঠ পুত্র মহেন্দ্র মোহন বিস্ত মায়ের মুখাগ্নি করেন। শেষযাত্রার সময় মুখ্যমন্ত্রী নিজে মায়ের শবাধারে কাঁধ দেন এবং মায়ের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এই শোকাবহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক ও কেশব প্রসাদ মৌর্য। এছাড়াও যোগগুরু বাবা রামদেব, স্বামী চিদানন্দ সরস্বতী মহারাজ, বিধায়ক সঙ্গীত সোম এবং সাংসদ রবি কিশনসহ বিজেপির বহু শীর্ষ নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক সাধু-সন্ত ও স্থানীয় মানুষ শেষকৃত্যে অংশ নিয়ে প্রয়াতাকে শ্রদ্ধা জানান।
মায়ের শেষ বিদায়ের সময় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে অত্যন্ত আবেগপ্রবণ দেখা যায়। শুক্রবার পউড়ি গড়ওয়াল জেলার পঞ্চূরে সাবিত্রী দেবীর প্রয়াণের সময় মুখ্যমন্ত্রী গোরখপুরে একটি জনসভায় ছিলেন। খবর পাওয়ার পরই তিনি পৈতৃক গ্রামে পৌঁছান এবং সারা রাত মায়ের মরদেহের পাশে কাটান। হরিদ্বারের চণ্ডীঘাটে শেষকৃত্যের সময়ও তাঁকে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়।