সাইবার প্রতারণা চক্রের পর্দাফাঁস, দেশজুড়ে ২২ জনকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ
পশ্চিম দিল্লি পুলিশের সাইবার টিম এক বিশেষ অভিযানে আন্তঃরাজ্য সাইবার প্রতারণা চক্রের ২২ জন সদস্যকে গ্রেপ্তার করেছে। টানা পাঁচ দিনের তল্লাশি চালিয়ে পুলিশ এই সাফল্য পেয়েছে। তদন্তে উঠে এসেছে যে, এই চক্রের জাল ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ এবং উত্তর প্রদেশ পর্যন্ত বিস্তৃত ছিল। জামতারার পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে এই প্রতারকরা তাদের কার্যকলাপ পরিচালনা করত।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারকরা মূলত হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্ষতিকর এপিকে (APK) ফাইল পাঠাত। সাধারণ মানুষ না বুঝে সেই ফাইল ডাউনলোড বা ইনস্টল করলেই প্রতারকরা কৌশলে তাদের ব্যাংকিং তথ্য হাতিয়ে নিত। এভাবে দেশজুড়ে হাজার হাজার মানুষকে নিশানা করে প্রায় ২০ কোটি টাকার প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
অভিযান চলাকালীন পুলিশ অভিযুক্তদের কাছ থেকে ৬৩টি মোবাইল ফোন উদ্ধার করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য সদস্যদের চিহ্নিত করার চেষ্টা চলছে। পাশাপাশি, প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া বিপুল পরিমাণ অর্থ কোথায় লেনদেন করা হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সাধারণ মানুষকে অপরিচিত কোনো ফাইল ডাউনলোড করা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।