রক্তের সম্পর্কের বিয়ে ও জিনগত রোগের ঝুঁকি: কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নিকটাত্মীয়দের মধ্যে বিবাহের ফলে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে জিনগত রোগের ঝুঁকি নিয়ে দায়ের করা একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের কাছে জবাব তলব করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। বেঙ্গালুরুর এক আইন পড়ুয়া চার্বী এস এই মামলাটি দায়ের করেছিলেন।

মামলাকারীর আইনজীবী অঞ্জুমান ত্রিপাঠী আদালতে জানান, চিকিৎসা বিজ্ঞানের সাম্প্রতিক গবেষণা অনুযায়ী রক্তের সম্পর্কের মধ্যে বিবাহের ফলে সন্তানদের মধ্যে জটিল জিনগত রোগ ও স্বাস্থ্যগত ঝুঁকির আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। কেবল প্রথা বা রীতির দোহাই দিয়ে এমন বিবাহকে আইনত বৈধতা দেওয়া উচিত কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আবেদনকারী।

শুনানি চলাকালীন শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে যে, নিকটাত্মীয়দের মধ্যে বিবাহ নিয়ন্ত্রণের ক্ষমতা আদালতের হাতে নেই। এ ধরনের সামাজিক সংস্কারমূলক আইন প্রণয়ন করা সম্পূর্ণভাবে আইনসভার এক্তিয়ারভুক্ত বিষয়। আদালত কোনো নির্দেশ না দিলেও, উপযুক্ত আইন আনার প্রয়োজনীয়তা খতিয়ে দেখা এবং পাঠ্যক্রম ও বিভিন্ন মাধ্যমের সাহায্যে এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারকে নোটিশ জারি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *