বিসলেরি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমোদন দিল FSSAI
প্যাকেটজাত পানীয় জলের গুণমান নিয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। সংস্থাটি বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার জন্য অনুমোদন দিয়েছে। নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, খাদ্য সুরক্ষা ও মান আইন, ২০০৬-এর আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিসলেরি ইন্টারন্যাশনালের প্রাঙ্গণ থেকে সংগৃহীত খনিজ জল ব্যতীত অন্যান্য প্যাকেটজাত পানীয় জলের নমুনা পরীক্ষায় নির্ধারিত ব্রোমেট সীমার মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়। পরবর্তীতে সংস্থাটির আপিলের ভিত্তিতে নমুনাটি রেফারেল ফুড ল্যাবরেটরিতে পাঠানো হলে সেখানে পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বনস (PAHs)-এর উপস্থিতি নিশ্চিত হয়। এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নমুনাটিকে ‘অসুরক্ষিত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। খাদ্য সুরক্ষা আইন লঙ্ঘনের দায়েই বিসলেরির বিরুদ্ধে এই আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরে FSSAI খাদ্য ব্যবসা পরিচালনাকারী বিভিন্ন সংস্থা এবং ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাদের নজরদারি ও কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত রেখেছে। এর আগে এনার্জি ড্রিংক ও অ্যালকোহলযুক্ত পানীয় প্রস্তুতকারকদের বিরুদ্ধেও নিয়ন্ত্রক সংস্থাটিকে কড়া ব্যবস্থা নিতে দেখা গেছে।